উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। ২০২৬ বিশ্বকাপের পরই আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না এই মহাতারকাকে। মেসি-পরবর্তী আর্জেন্টিনা দল কেমন হবে, তা নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মার্তিনেজ বলেন, মেসি অবসর নিলে জাতীয় দলে একটি বিশাল শূন্যতা তৈরি হবে। মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে এখন থেকেই তাদের মানসিক প্রস্তুতি নিতে হচ্ছে। তবে বর্তমান দলের তরুণ ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি।
মার্তিনেজের বিশ্বাস, মেসির মতো কোনো কিংবদন্তির শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তবে স্কোয়াডে এমন কিছু তরুণ প্রতিভা ও সামর্থ্য রয়েছে, যারা ভবিষ্যতে দলকে এগিয়ে নিয়ে যাবে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ে মেসির অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
মার্তিনেজ জানান, ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়ে মেসিকে বিশ্বকাপ জিততে সহায়তা করা তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। ফুটবল ইতিহাসের এই সফল তারকা আটবার ব্যালন ডি’অর জিতেছেন। ২০২৬ বিশ্বকাপই যে তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট, তা আগেই ঘোষণা করেছেন তিনি।