উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্পের জোয়ানরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ২০০ টাকা।
গতকাল শনিবার (১০ অক্টোবর ২০২৬) বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় এ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। ১০ অক্টোবর পরিচালিত অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩৪৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
এ বিষয়ে ২৯ বিজিবির কর্মকর্তা জানান, বিজিবি সর্বদা সীমান্তে পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতে দেশ ও সীমান্ত সুরক্ষায় মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান ও আসামীদের গ্রেপ্তারে এ ধরণের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।