উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, কোনো মহল যাতে উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির নেতা-কর্মীরা। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয়ভাবে একটি কমিটিও গঠন করা হয়েছে।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্ত প্রতিহত করতে সরকার দক্ষ ব্যবস্থাপনায় কাজ করছে।
পূজার পাশাপাশি বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাজার সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়েছেন নেতারা। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।