উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের কোনো উপজেলাকে বিশেষ সুবিধা দিয়ে অন্যগুলোকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, দল-মত বা অঞ্চল বিবেচনা নয়, দেশের ৫০৩টি উপজেলার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।
মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তারা দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ বিষয়ে প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। সীমিত সম্পদের সীমাবদ্ধতা থাকলেও পর্যায়ক্রমে সব দাবি পূরণের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জীবনমান উন্নয়নে সহায়ক হবে। এছাড়া সমবায় সমিতিগুলোর সংখ্যা না বাড়িয়ে সেগুলোকে কার্যকর ও জনকল্যাণমুখী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সৌরপ্যানেল স্থাপন ও সহায়ক সেবা ক্রয়ের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ইতিমধ্যে ৩৯০ কোটি টাকা ছাড় করা হয়েছে। তিনি গ্রাম পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহ্বান জানান।