উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর সোনাগাজীতে মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৩ হাজার মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। শনিবার দুপুরে উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে শুরু করে চর খোন্দকার ও চর আবদুল্লাহ সংলগ্ন বড় ফেনী নদীতে এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মৎস্য কর্মকর্তারা অংশ নেন। অভিযানে অসাধু জেলেদের ফেলে যাওয়া ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জাল উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা নিয়ে পালিয়ে যায়। অভিযানে মৎস্য দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ইলিশ শিকার, বিপণন ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।