উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দলীয় পরিচয় বা আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে দেশের ৫০৩টি উপজেলার সুষম উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান জানিয়েছেন, কোনো একটি বিশেষ অঞ্চলকে বাড়তি সুবিধা না দিয়ে সব এলাকার মানুষের স্বার্থকে সমান গুরুত্ব দেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তারা কেবল চাকরিজীবী নন, বরং দেশের ১৮ কোটি মানুষের সেবক। প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃণমূলকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এছাড়া জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পর্যায়ক্রমে সমন্বয়ের আশ্বাসও দেন তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহারের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ব্যয় সাশ্রয় ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে। এছাড়া পল্লী উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি সমবায় সমিতির নিবন্ধন প্রক্রিয়া সহজ করার বিষয়েও তিনি মত দেন। বর্তমানে দেশে প্রায় আড়াই লাখ নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারের ছাদে সৌরপ্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ৩৯০ কোটি টাকা ছাড় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।