উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এই সমর্থন ব্যক্ত করেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী জবাবদিহি নিশ্চিত করতে ভারতের তরুণদের লড়াইকে তারা গভীরভাবে উপলব্ধি করেন। তিনি যন্তর মন্তরে বিধিনিষেধ, ইন্টারনেট বন্ধ ও বিক্ষোভকারীদের আটকের কঠোর সমালোচনা করে একে মৌলিক স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সময় ভারতীয় নাগরিক সমাজের সমর্থনের কথা তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, ধর্ম বা জাতপাতের ভিত্তিতে নয়, বরং সামাজিক ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
বিবৃতিতে তিনি আটক আন্দোলনকারী ও সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান। এছাড়া সীমান্ত হত্যাকাণ্ড, পানি বণ্টন ও জাতীয় সার্বভৌমত্বের মতো অমীমাংসিত ইস্যুগুলো নিয়েও তিনি কথা বলেন এবং দক্ষিণ এশিয়া থেকে ফ্যাসিবাদ ও বিভাজন দূর করার আহ্বান জানান।