উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরের রায়পুরে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমিতে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় স্থানীয় সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
খেলাটিকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময়জুড়ে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে।
সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় করতে এই ম্যাচের আয়োজন করা হয়। এছাড়া কর্মব্যস্ততার মাঝে বিনোদনের সুযোগ তৈরি করতেই এই প্রীতি ফুটবল খেলা বলে জানান আয়োজকরা।
খেলা উপভোগ করার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন। খেলা শেষে আয়োজক ও খেলোয়াড়দের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায় এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।