উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আজ শনিবার দুপুরে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজন আটক হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারীও আছেন এবং পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। তবে আটক বাকি তিন জনের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আটকের পর তাঁদের প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান যে শিল্পকলার সামনে থেকে আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে শাহবাগ থানার এসআই আবদুল খালেক জানান যে আয়াসসহ অন্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করছিলেন।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর সেখানে জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন স্থাপন ও বেঞ্চ নির্মাণ করা হয়েছিল।