উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ক্রীড়া কার্ড ও ভাতা বাবদ সরকার আলাদা করে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। রোববার সচিবালয়ে ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ডের সুবিধার আওতায় আনতে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি উল্লেখ করেন যে, রেলপথ, বিমান ও সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের ক্রীড়াবিদদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড ও ভাতার আওতায় আনা হয়েছে এবং মোট ৫০০ ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রতি চার মাস অন্তর অ্যাথলেটদের পারফরম্যান্স মূল্যায়ন করে এই তালিকা হালনাগাদ করা হবে। শিগগিরই নতুন করে ৯৫ জনকে এই তালিকায় সংযোজন করা হচ্ছে বলেও তিনি জানান।
ব্যক্তিগত কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি উল্লেখ করে আমিনুল হক বলেন, ভবিষ্যতে এ ধরনের ভুল সিদ্ধান্ত যেন আর নেওয়া না হয়, সে বিষয়ে সবাই সচেতন থাকবেন। এশিয়ান গেমস ও ফুটবলের ফল নিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে ফল হতাশাজনক হলেও ভুল থেকে শিক্ষা নিতে এনএসসির মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য বাংলাদেশ লড়াই করবে এবং এশিয়ান গেমসহ বছরব্যাপী ক্রীড়াবিদদের ট্রেনিং দেওয়া হবে।