উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি অর্থের অপচয় রোধ, আর্থিক ঝুঁকি চিহ্নিতকরণ এবং জনসেবা নিশ্চিত করতে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্থায়ী করার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ বিভাগের আয়োজনে গাজীপুরে তিনদিনব্যাপী এক কর্মশালায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার ‘মডেল ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা সনদ ও নির্দেশিকা ২০২৬’ উন্মোচন করেন। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে নিরীক্ষকদের পেশাগত স্বাধীনতা এবং দায়িত্ব পালনের একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে।
পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে স্থায়ী নিরীক্ষা ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ, প্রশিক্ষণ এবং বাজেট বরাদ্দের ওপর জোর দেওয়া হয়েছে, যা সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।
কর্মশালায় স্বাস্থ্য, গণপূর্ত, এলজিইডি, প্রাথমিক শিক্ষা এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরীক্ষা কার্যক্রমের সীমাবদ্ধতাগুলোও উঠে আসে। জনবল সংকট ও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ২০২৬-২০৩১ সালের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।