উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার গুরুত্বপূর্ণ জলপ্রবাহ ভুলুয়া নদী এখন অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম থাকলেও দখল, ভরাট ও অব্যবস্থাপনার কারণে নদীটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের মতে, জলাবদ্ধতা ও বন্যার প্রভাব মোকাবিলায় নদীটির খনন অত্যন্ত জরুরি। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের আগে নদী খননের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছু অংশ খনন করলেও উত্তোলিত মাটি নদীর পাড়েই ফেলে রাখায় দখলের ঝুঁকি আরও বেড়েছে।
এলাকাবাসীর দাবি, অবৈধ দখল উচ্ছেদ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে নদীটি পুনঃখনন ও পাড় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। নিয়মিত তদারকি নিশ্চিত করা না গেলে নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করছেন তারা।
এ বিষয়ে রামগতি পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল জানান, শুধু ভুলুয়া নদী নয়, অঞ্চলের সব খাল পুনঃখননের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।