উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিয়ের আনন্দঘন মুহূর্তের রেশ কাটতে না কাটতেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুবাই প্রবাসী খোরশেদ আলম। শুক্রবার বিকেলে রাউজান পৌরসভার কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান থেকে স্ত্রী রায়সা ওসমানকে নিয়ে বাড়ি ফেরার পথে এই বিপত্তি ঘটে। দুর্ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ১৮ বছর বয়সী নববধূ রায়সাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।
মাত্র দুই মাস আগে পারিবারিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন খোরশেদ ও রায়সা। আগামী ১৪ অক্টোবর খোরশেদের পুনরায় দুবাই ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সব রঙিন স্বপ্ন।
রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহাজান জানিয়েছেন, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং আহত নববধূর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছে।