উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভায় বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল দুই দিনব্যাপী এই বৈঠকে অংশ নেয়। এলডিসি থেকে উত্তরণের পরও ভারতের বাজারে বিদ্যমান শুল্কসুবিধা অব্যাহত রাখা এবং ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সনদ পাওয়ার প্রক্রিয়া সহজ করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে ঢাকা।
বৈঠকে আঞ্চলিক ট্রানজিট সুবিধা সম্প্রসারণের পাশাপাশি ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্যবাহী ট্রাক চলাচলের সুযোগ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে সিইওস ফোরাম কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে।
অন্যদিকে, ভারতও তাদের তুলার সুতা ও অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে থাকা বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। আখাউড়া-আগরতলা রুটের কার্যকারিতা বৃদ্ধি, রেল যোগাযোগ উন্নয়ন এবং সীমান্ত হাটের সম্প্রসারণ নিয়ে দুই পক্ষই ইতিবাচক আলোচনা করেছে।