উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোট এলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মোর দ্যান ইসলামিক হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলার মঞ্চে এক অনুষ্ঠানে তরুণ আলেমদের উদ্দেশে তিনি এই কথা বলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও পরবর্তী আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত ‘তুরাস’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই বক্তব্য দেওয়া হয়। অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ মেয়াদে আমাদের নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে এবং আরেকজনের গেমের ঘুঁটি না হয়ে নিজস্ব গেমের প্লেয়ার হতে হবে।
২০০৮ সালের নির্বাচন–পরবর্তী সময়ে আলেম–ওলামাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া নির্মম অত্যাচার নিয়ে উল্লেখযোগ্য একাডেমিক কাজ হয়নি বলে উল্লেখ করেন তিনি। কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রের মূলধারার পেশাগুলোতে আলেমদের অংশগ্রহণের আহ্বান জানান হাসনাত।
আওয়ামী লীগ চলে গেলে অন্য ধর্মের মানুষেরা অনিরাপদ—এই প্রচার মিথ্যা বলে তা কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া আলেমদের নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম তৈরি করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।