উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহালয়া উদযাপন পরিষদ প্রতিবছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসনীয় কাজ করছে। তিনি এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার পাশাপাশি বৃত্তির পরিমাণ বাড়ানোরও আহ্বান জানান। আজ শুক্রবার সিলেট সদরের শ্রীশ্রী বলরাম জিউর আখড়া মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিলেটে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন ও সংস্কারে সহযোগিতা করা হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। শ্রীহট্ট মহালয়া উদযাপন পরিষদের আয়োজনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবুল কাইয়ুম চৌধুরী ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
এর আগে বাণিজ্যমন্ত্রী সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এছাড়া তিনি কুমারগাঁও–বাদাঘাট–এয়ারপোর্ট জাতীয় মহাসড়ক চার লেন প্রকল্পের বাদাঘাট অংশ ঘুরে দেখেন। পরে তিনি লাক্কাতুরা থেকে দলদলি পর্যন্ত ১ দশমিক ৯০ কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন।