উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জের ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রার্থনা করি ভাল মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো, সত্য কথা বলব, প্রতারণা করব না এবং অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ ও ম্যানিজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)। এছাড়া ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সকলের নজর কাড়ে।
উল্লেখ্য যে, ২০০১ সাল থেকে এই ফাউন্ডেশন বৃত্তি প্রদান ছাড়াও ঢাকাসহ শ্রীমঙ্গলে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং অসচ্ছল ভক্তদের মাঝে ‘ছাদকা-এ জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদানসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমগ্র অনুষ্ঠানটিতে ফাউন্ডেশনের বিভিন্ন অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ অন্যান্যরা সার্বিক সহযোগিতা ও উপস্থিতি বজায় রাখেন।