উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আকাশি নীল ও সাদা রঙে নতুন করে সাজানো হয়েছে মিরপুর–১–এর রাড্ডা এমসিএইচ–এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। ভবন সংস্কারের কাজ শেষ হলেও এখন প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসার সরঞ্জাম জোগাড় করতে পারলে পুরোদমে সেবা কার্যক্রম চালু করা সম্ভব হবে। আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যসেবা কেন্দ্রটির মূল ভবনের সংস্কারকাজ শেষ হয়েছে এবং নতুন দরজা–জানালা ও বৈদ্যুতিক পাখা লাগানো হয়েছে।
কেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, সংস্কারকাজ শেষ হওয়ায় এখন সেবা কার্যক্রমের প্রয়োজনীয় সরঞ্জাম ও আসবাবের ব্যবস্থা করতে হবে। চিকিৎসাসেবা পুরোপুরি চালু করতে আরও কিছু সরঞ্জাম দরকার এবং জরুরি প্রয়োজন মেটাতে মিরপুর–১০ কেন্দ্র থেকে কিছু পুরোনো আসবাব সেখানে নিয়ে রাখা হচ্ছে। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে এই সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, গত সাত দিনে দেয়াল, জানালা, দরজা, বৈদ্যুতিক সংযোগ, পানি ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর সংস্কারকাজ এগিয়ে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে আগামীকাল শনিবার বিকেলে কেন্দ্রটি রাড্ডা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তিনি এই হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন।
১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে এই সেন্টারের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ পাঁচ দশক ধরে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। এখন কেন্দ্রটির সামনে প্রধান কাজ হলো প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসার সরঞ্জাম জোগাড় করে স্বাভাবিক সেবা কার্যক্রম ফিরিয়ে আনা।