উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানাধীন আমবাগে উৎসবমুখর পরিবেশে লিজেন্ডারি ক্রিকেট লীগ সিজন-১ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আমবাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা। আমবাগ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় আমবাগ সমাজকল্যাণ সংঘ ও ফাহিম আফিফ এলিফেন্ট ক্রিকেট ক্লাব।
চূড়ান্ত ম্যাচে দুই দলের খেলোয়াড়দের ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতায় শুরু থেকেই জমে ওঠে খেলা এবং ব্যাটারদের চার-ছক্কার ঝড়ে ম্যাচজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে। ফাইনাল খেলা দেখতে মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম এবং সভাপতিত্ব করেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন বলেন, তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উদ্বোধক মোঃ আশরাফুল আলম বলেন, স্থানীয়ভাবে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা সম্ভব। সভাপতির বক্তব্যে মোঃ সেলিম ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলামুখী করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে সুস্থ পরিবেশ তৈরি করাই লিজেন্ডারি ক্রিকেট লীগের মূল উদ্দেশ্য। ফাইনাল ম্যাচ চলাকালে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে আমবাগ ঈদগাহ মাঠ এক উৎসবের কেন্দ্রে পরিণত হয়। ব্যাট-বলের উত্তেজনাপূর্ণ এই লড়াই উপভোগের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় এলসিএল সিজন-১-এর ফাইনাল খেলা।