উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরে মানসিক রোগে আক্রান্ত এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের লাইটহাউস রিহ্যাবিলিটেশন সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ওই সেন্টারের কর্মী মো. জসিম উদ্দিন ও মো. আমিনুর ইসলাম। তাদের কাছ থেকে হাতকড়াটি জব্দ করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে ৬৩ বছর বয়সী ওই ব্যক্তিকে জোরপূর্বক মাইক্রোবাসে তোলা হয়। ভুক্তভোগীর ছোট ভাই চিকিৎসার জন্য তাকে ওই সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছিলেন।
অসুস্থ ব্যক্তিকে হাতকড়া পরানোর কোনো আইনগত বৈধতা রিহ্যাব সেন্টারের নেই বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।