উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা জংশনে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইলিশা জংশন প্রিমিয়ার লীগ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় মৌলভীহাট হোসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। টুর্নামেন্টে বাইয়ান মিনিক ও বরিশিয়া ডটকম নামে দুটি দল অংশ নেয় এবং শিশু-কিশোর ও সোনালী অতীতের খেলোয়াড়দের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয় এবং নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইবেকারে বিজয়ী দল নির্ধারিত হলে খেলোয়াড় ও সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শান্ত ও সোহাগ। পুরো টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন এলাকার কবির মিঝি ও শরীফ ফরাজী।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা নজরুল ইসলাম সরদার সুমন এবং বিশেষ অতিথি ছিলেন ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাফসান ও ব্যবসায়ী জুয়েল ফরাজীসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা। অতিথিরা বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও সৌহার্দ্য গড়ে তোলে এবং নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। পরে অতিথিরা বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।