উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ ভারত থেকে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলেও তিনি দাবি করেন। বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে এক প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন জানান, দুর্গাপূজা চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগের সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় তিনি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটি ভারতের আশ্রয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, জমি দখল ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে ভারতে অবস্থান করে তারা নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে উল্লেখ করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন। এছাড়া ঢাকার যানজট নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, অটোরিকশা চালকদের আন্দোলনে নেপথ্য থেকে ইন্ধন দিচ্ছে দলটি।