উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পলিসেড হাউসের মাধ্যমে মানসম্মত সবজির চারা উৎপাদনে জোর দেয়া হচ্ছে। এসব হাউসে উৎপাদিত চারা স্বল্পমূল্যে সরবরাহের মাধ্যমে সবজি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে ১২১টি ৫ শতাংশ আয়তনের পলিসেড হাউস বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বুধবার সাভারের রাজালাক হর্টিকালচার সেন্টারে পলিসেড হাউসপ্রাপ্ত ৬০ কৃষককে নিয়ে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম বলেন, পলিসেড হাউসপ্রাপ্ত কৃষকরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় লিড ফার্মার হিসেবে পরিচিতি লাভ করবেন। তারা নিজেরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি উৎপাদিত মানসম্মত চারা স্থানীয় কৃষকদের কাছে স্বল্পমূল্যে বিক্রি করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হবে কৃষি এবং এই পেশা একটি আধুনিক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চারা উৎপাদন, উৎপাদন ব্যয় কমানো এবং স্থানীয় কৃষকদের কাছে চারা সরবরাহের মাধ্যমে আয় বাড়ানোর বিষয়ে কৃষকদের উৎসাহিত করা হয়। প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান জানান, গত বছর বাস্তবায়ন করা পলিসেড হাউসগুলোতে ট্রেতে চারা উৎপাদন অত্যন্ত সফলভাবে হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। চলতি অর্থবছরেও প্রকল্পের আওতায় ১২১টি ৫ শতাংশ আয়তনের পলিসেড হাউস বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।