উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও গবেষকরা অংশ নিচ্ছেন। তুরস্কে এই কর্মসূচি শেষে শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন এবং আগামী ১১ অক্টোবর সকালে দেশে ফিরবেন।
বিমানবন্দরে শফিকুর রহমানকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্য কেন্দ্রীয় নেতারা।