উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরই ধারাবাহিকতায় ঢাকার ধামরাই উপজেলায়ও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।
কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ এবং ম্যাচের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।