উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেরপুরে জনস্বার্থে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) আয়োজিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ২৫৪ জন সেবাপ্রার্থী তাদের নানা সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।
জেলা প্রশাসক তাদের সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন এবং আবেদনের ধরন অনুযায়ী তাৎক্ষণিকভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এই গণশুনানিতে মোট ২১৮ জন সেবাপ্রার্থীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া দুজনকে দুটি হুইলচেয়ার, দুজন ক্যানসার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা, একজন কিডনি রোগীকে আর্থিক সহায়তা এবং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হয়।
সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদনগুলো প্রেরণ করা হয়েছে। এর মধ্যে পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভূমি অফিস, সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয় রয়েছে। নিজস্ব তহবিলের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ায় এবং সরাসরি সমস্যার কথা শুনে দ্রুত সমাধান পাওয়ায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।