উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিল্প মন্ত্রণালয়ের অধীন পরিচালিত অধিকাংশ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে লোকসানে চলছে। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনটি করপোরেশনের ২০২৫–২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হলে এ চিত্র উঠে আসে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ১৬টি প্রতিষ্ঠানের গত অর্থবছরে মোট আয় হয়েছে ১ হাজার ২২২ কোটি ৭৪ লাখ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৫৭৬ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া করপোরেশনের অন্য আটটি চিনিকল ও রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লোকসানে রয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে আটটি সার কারখানা লোকসান দিয়েছে, যার মোট পরিমাণ ৩০০ কোটি টাকা। এছাড়া বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি প্রতিষ্ঠান গত অর্থবছরে লোকসান গুনেছে।
বৈঠক শেষে সংসদীয় কমিটি লোকসানি চিনিকলগুলোতে বায়োপ্রোডাক্ট তৈরির মাধ্যমে লাভজনক করার উপায় খুঁজে বের করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। পাশাপাশি সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।