উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে নির্মাণাধীন ফুটওভার ব্রিজটি চলতি অক্টোবর মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মঙ্গলবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিজের নকশা ও প্রস্থ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের কড়া সমালোচনা করেন মেয়র। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ও সরকারি গ্যাজেটে নির্ধারিত মানদণ্ড মেনেই ব্রিজটি তৈরি করা হয়েছে। এখানে হাঁটার জায়গার প্রস্থ ন্যূনতম ১ দশমিক ২ মিটারের বেশি রাখা হয়েছে বলে তিনি জানান।
মেয়র আরও বলেন, জিইসি মোড় এলাকায় স্কুল ও হাসপাতাল থাকায় পথচারীদের নিরাপদ পারাপার অত্যন্ত জরুরি। তাই কারিগরি বিষয় না বুঝে সমালোচনা না করে গঠনমূলক আলোচনার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে মেয়র জিইসি মোড় থেকে গোলপাহাড় পর্যন্ত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এবং রাস্তা দখলমুক্ত রাখার নির্দেশ দেন।