উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ওপর জোর দিয়েছেন জাতীয় পার্টির একাংশের নেতারা। একই সঙ্গে জনজীবনে স্বস্তি ফেরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দখলদারি ও চাঁদাবাজি বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেসিডিয়াম সভায় এই আহ্বান জানান তাঁরা।
সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, অপরাধী যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দখলদারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানিসংকট জনজীবনে চাপ তৈরি করছে, যা সমাধানে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
সভায় দলটির মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, মানুষ রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি দৈনন্দিন জীবনে নিরাপত্তা ও স্বস্তি চায় এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা ও ব্যবসা পরিচালনা করতে পারে, সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রেসিডিয়াম সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, অর্থনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।