উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের ঐতিহ্যবাহী আয়োজন বাটেক্সপোর রজতজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে রেওয়াজ ভেঙে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি করা হয়নি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দীর্ঘকালের ঐতিহ্য অনুযায়ী মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী এবং সমাপনীতে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি থাকেন বলে তিনি উল্লেখ করেন।
গোলাম পরওয়ার বলেন, অর্থনীতির কোনো গুরুত্বপূর্ণ খাতকে রাজনীতিকরণ বা দলীয়করণের মধ্যে সীমাবদ্ধ করলে ব্যবসায়িক সেক্টরে ভুল বার্তা যাবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে সমাপনীতে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, রাজনীতিতে হাজার মতপার্থক্য থাকলেও সুদীর্ঘকালের এই ঐতিহ্য বর্তমান সরকার ভঙ্গ করতে পারে না।
এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠক হয়। ব্রিফিংয়ে বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার জানান, এই খাতে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে এবং তারা ইনসেনটিভ, গ্যাস-বিদ্যুৎ ও ট্যাক্সসহ বিভিন্ন সমস্যার কথা সরকারকে জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে সমস্যাগুলো ধৈর্যসহকারে শোনা হয়েছে এবং অনেক সমস্যার সমাধানও করা হয়েছে বলে তিনি জানান।