উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় বিদ্যালয়ের খেলার মাঠ। বর্ষা মৌসুম শেষ হলেও কয়েক মাস ধরে মাঠজুড়ে জমে থাকে পানি। বছরের প্রায় চার মাস মাঠ পানির নিচে থাকায় খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিদ্যালয়ে যাতায়াত ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এমন চিত্র দেখা গেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ১২৫ নম্বর চন্দ্রপাড়া সর্দার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন অংশে পানি জমে যায়। বর্ষা মৌসুমে এ পানি দীর্ঘদিন ধরে আটকে থাকে এবং বর্ষা শেষ হওয়ার পরও মাঠ শুকাতে কয়েক মাস সময় লাগে। দীর্ঘদিন পানি জমে থাকায় মাঠের পানি পচে দুর্গন্ধ ছড়ায় এবং মশার উপদ্রব বেড়ে যায়। এই পানি মাড়িয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়, ফলে পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।
জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে পারছে না এবং বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলতে থাকায় শিক্ষার্থী সংখ্যাতেও প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একসময় বিদ্যালয়টিতে প্রায় ১৮০ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১৫ জনে। অভিভাবকেরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনীয় মাটি দিয়ে মাঠটি উঁচু করার দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তাহিদা বেগম বলেন, মাঠটি নিচু হওয়ায় হালকা বৃষ্টিতেই পানি জমে যায় এবং বর্ষা মৌসুমে দীর্ঘ সময় পানির নিচে থাকে। এতে শিক্ষার্থীদের আসা-যাওয়া, খেলাধুলা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠটি মাটি দিয়ে ভরাট করা হলে শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে বলে জানান তিনি। বিদ্যালয়ের পক্ষ থেকে মাঠটি মাটি দিয়ে ভরাট করে উঁচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, এ বিষয়ে উপজেলা প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে এবং শিগগিরই বিদ্যালয়ের মাঠটি মাটি দিয়ে ভরাট করে দেওয়ার ব্যবস্থা করা হবে। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়টির শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে—বিষয়টি আমি অবগত আছি এবং সামর্থ্যের মধ্যে থেকে শিক্ষার্থীদের চলাচলের জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না, সে চেষ্টা করা হবে।