উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাতক্ষীরার চাঞ্চল্যকর কলেজছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার ভোর চারটার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার অপর এক সহযোগীকেও পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার নাহিদ হাসান (২৬) এবং একই এলাকার অমিত হাসান শিপন (৩০)। জাকারিয়া হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান পরিচালনা করছিল। একপর্যায়ে সীমান্ত পেরিয়ে আসামিদের প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়ার গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সদর থানা ও ডিবি পুলিশের একটি যৌথ আভিযানিক দল শুইলপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান যে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান যে এই নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাড়ী বাকী আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান বর্তমানেও অব্যাহত রয়েছে।