উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ‘আ ডিপ্লোম্যাটিক ইভনিং-২০২৬’ শীর্ষক নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে একটি উপস্থাপন তুলে ধরা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও দূতাবাসের প্রতিনিধিদের পাশাপাশি এতে দলটির কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি, সিঙ্গাপুর দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং এবং ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওয়িসাম হুসাইন আলী আল-ইথাওয়ি উপস্থিত ছিলেন। এ ছাড়া মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার আলী শাহ, ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট কাউন্সেলর কামিলা পার্টিকা এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডিসহ রাশিয়া, জাপান, পাকিস্তান, নেদারল্যান্ডস, নরওয়ে, আর্জেন্টিনা ও ব্রুনেই দূতাবাসের প্রতিনিধিরাও যোগ দেন।
সমাপনী বক্তব্যে দলের আমির মাওলানা মামুনুল হক নৈতিক দর্শন, ধর্মীয় সংখ্যালঘু ও নারীর অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নীতি ইসলামি মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত এবং সংগঠনটি কোনো জনগোষ্ঠী বা রাষ্ট্রের প্রতি বিদ্বেষ পোষণ করে না। স্বাধীন বিচার বিভাগ ও মুক্ত গণমাধ্যম ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও জবাবদিহিমূলক সরকারের অপরিহার্য পূর্বশর্ত বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তা ছাড়া এই আয়োজনে দলটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।