উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মো. নুরুজ্জামান বাদল (৫১) কিডনি জটিলতায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান ও মৃতের ভাই মাসুদ রানা। এ ছাড়া জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজেও এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মৃতের ভাই মাসুদ রানা জানান, শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে তাকে দ্রুত শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে রাত ৩টার দিকে স্বদেশ হাসপাতালে প্রবেশ করানোর সময় তার মৃত্যু ঘটে।