উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গঠন করা প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর কামরুজ্জামান কবির। তিনি বলেন, শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর এবং একটি আলোকিত, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আনিসুল ইসলাম ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন মাস্টার এবং সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা উন্নয়নের প্রধান চালিকাশক্তি এবং শিক্ষকদের দক্ষতা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমেই একটি দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়।
অনুষ্ঠানে শিক্ষক সমাজের কল্যাণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী এই কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।