উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন ও পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবিতে জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি জমা দিয়েছে তিনটি সংগঠন। সংগঠনগুলো হলো বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে এই স্মারকলিপি জমা দেয় তিন সংগঠনের যৌথ প্রতিনিধিদলের সদস্যরা। স্মারকলিপি জমা দেওয়ার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের বর্তমান ভয়াবহ বেকারত্ব দূরীকরণ, দুর্নীতি রোধ ও টেকসই অর্থনৈতিক সংস্কারে সরকারের চরম অনীহা স্পষ্ট হয়ে উঠেছে।
স্মারকলিপি জমা দেওয়ার সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহসভাপতি নজরুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। স্মারকলিপিতে লুটপাট ও অর্থ পাচার বন্ধ করা এবং পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে একটি বিশেষায়িত স্বাধীন সংস্থা গঠনের দাবি জানানো হয়।
সংগঠনগুলোর অন্যান্য দাবির মধ্যে রয়েছে লুটপাটকারী ও পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। এছাড়া বেকারত্ব নিরসনে উদ্ধার করা অর্থ প্রান্তিক জনগণের মধ্যে সুদমুক্ত ঋণ হিসেবে বিতরণ এবং দুর্নীতিবাজদের বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে বিশেষ রাষ্ট্রীয় তহবিল গঠনের দাবিও জানানো হয়েছে।