উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধার সাঘাটায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক গরু ব্যবসায়ী ও তার স্বজনদের মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত তিনজন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৬ইং রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধনারুহা গ্রামের আলেমা বেগমের বাড়ির সামনে কাঁচা রাস্তায় তাদের পথরোধ করা হয়। এ সময় তারা মিয়া, তার ছেলে জিহাদ ও ভাতিজা ময়নুলকে পথরোধ করে শান্ত, নাইম, রাকিব, ফকির ও জাকিরুল ইসলামসহ কয়েকজন চাঁদা দাবি করেন।
দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করা হয় এবং তারা মিয়ার পকেট থেকে জোরপূর্বক ৭৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।
এ বিষয়ে সাঘাটা থানা পুলিশ জানিয়েছে যে, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।