উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। সোমবার শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সাথে বৈঠককালে এ বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে এফটিএ আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া ফল আমদানিতে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে তুরস্কের ফলমূল রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছে বাংলাদেশ।
ইলেকট্রনিকস ও জাহাজ ভাঙা শিল্পের বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও দুই দেশ আলোচনা করেছে। চামড়া শিল্প প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত জানান যে পরিবেশগত কারণে তাদের দেশে ট্যানারি কার্যক্রম কমেছে এবং সিন্থেটিক চামড়ার ব্যবহার বেড়েছে।
রাষ্ট্রদূত কমসেকের অধীনে অনুষ্ঠেয় আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলন এবং হালাল এক্সপোতে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। বৈঠকে শিল্প সচিব আব্দুন নাসের খান ও তুরস্ক দূতাবাসের ইকনমিক কাউন্সিলরসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।