উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের অংশগ্রহণে এ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো আয়োজনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। এছাড়া অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।