উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর রামপুরা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, নয়টি গুলি ও দুটি দেশি ছুরি উদ্ধার করা হয়েছে। এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর দুপুরে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আল-আমিন এবং তাঁর দুই সহযোগী কামাল উদ্দিন ও খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশি ছুরিসহ সোহাগ হাওলাদার ওরফে মামুন এবং রিফাত ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর কুঞ্জবন এলাকা থেকে কাওছার খান নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় শফিকের টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে বাহিনীটি। পিচ্চি আল-আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ মোট ২৭টি মামলা রয়েছে।
এদিকে ৩ অক্টোবর রাতে কেরানীগঞ্জের লাবনী পয়েন্ট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিক্রির জন্য মজুত রাখা ২১৬টি অবৈধ সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে এসআরবি-২। এই ঘটনায় এস এম রবীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।