উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কর্মসংস্থান বাড়াতে আগামী ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ রোববার রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোর অঙ্গীকার অনুযায়ী তরুণ সমাজের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা মাহদী আমিন জানান, আগামী ডিসেম্বরে ঢাকা থেকে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে এটি পর্যায়ক্রমে দেশব্যাপী বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে। এর পাশাপাশি দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী নিয়মিত ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হবে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরির বাজারে প্রবেশকারীদের সিভি রাইটিং, ক্যাপাসিটি বিল্ডিং এবং ইন্টারভিউ মোকাবিলার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবন্ধনের মাধ্যমে বিদেশে গমনেচ্ছু তরুণ-তরুণীদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ পেতে সহায়তা করা হবে। চাকরিদাতা ও চাকরিপ্রার্থী উভয়পক্ষই এই প্ল্যাটফর্মে নিবন্ধন করবেন বলে জানানো হয়।
এ সময় সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার প্রমুখ।