উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য বিএনপিকে দায়ী করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
এর আগে সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাঁর ওপর ডিম নিক্ষেপ করা হয় এবং তাঁকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। পাটওয়ারীকে বহনকারী গাড়ি ভাঙচুরের চারটি ছবিও ফেসবুকে পোস্ট করেন নাহিদ ইসলাম।
ফেসবুক পোস্টে নাহিদ লিখেছেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে কণ্ঠ স্তব্ধ করা যাবে না।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে এনসিপি। দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জবাব হামলা বা সহিংসতার মাধ্যমে দেওয়া গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি।