উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সুর সম্রাট দ্য সংগীতাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের অনন্য ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক বোর্ড সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম সিকদার বলেন, দুর্যোগ, মহামারি কিংবা যেকোনো সংকটে রেড ক্রিসেন্ট সবার আগে এগিয়ে আসে। বিপদের সময় সাধারণ মানুষ বিশ্বাস করে যে রেড ক্রিসেন্ট তাদের পাশে রয়েছে।
অ্যাডভোকেট রফিক সিকদার রেড ক্রিসেন্টের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে এই সোসাইটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি পূর্ণাঙ্গ ব্লাড সেন্টার গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
যুব সদস্যদের সক্ষমতা বাড়াতে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পোশাক ও লাইফ জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জাম নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ইউনিটকে দেশের ৬৪টি ইউনিটের মধ্যে অন্যতম একটি আদর্শ ইউনিট হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালিদ হোসেন মাহবুব শ্যামল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সভায় ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহীন ও সেক্রেটারি মো. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।