উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা এবং পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ এনজিওর বাস্তবায়নে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার ও কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ রেজাউল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণের উপজেলা ম্যানেজার শেখ রেদওয়ান উল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুনসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, উত্তরণের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পিরোজপুরের জিয়ানগরসহ বাগেরহাটের শরণখোলা, খুলনার কয়রা, সাতক্ষীরার আশাশুনি এবং কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতার গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো দুর্যোগের পূর্বাভাসের সঙ্গে ট্রিগারভিত্তিক আগাম কার্যক্রম যুক্ত করে স্থানীয় পর্যায়ে আগাম সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এর মাধ্যমে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণ করে উপকূলীয় জনগোষ্ঠীর প্রাণহানি এবং আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ নেওয়া হবে। সভায় উত্তরণের পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মো. রেজওয়ান উল্লাহ প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন।