উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোনারগাঁও হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল সংলাপের দ্বিতীয় দিনে গণতন্ত্র ও আস্থা পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দ্য ডেমোক্রেসি কনভারসেশন শিরোনামের এই অধিবেশনে দেশি-বিদেশি বিশিষ্ট বক্তারা অংশ নেন। নেপালের জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বাস বারাল অধিবেশনটি সঞ্চালনা করেন।
সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সামাজিক মূলধনের ভিত্তি হলো আস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি ব্রেটন উডস ব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং মধ্যম শক্তির দেশগুলো নতুন ভারসাম্য তৈরি করতে পারে।
মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা বলেন দুর্নীতির কারণে আফ্রিকার দেশগুলোতে সেনা হস্তক্ষেপ ঘটে। ভারতের গবেষক স্মৃতি এস পাত্তানাইক বলেন সরকারি প্রতিষ্ঠানের রাজনৈতিকীকরণ মানুষের আস্থা কমিয়ে দেয়।
মালয়েশিয়ার সাবেক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন জানান মানুষ সেবাবঞ্চিত হলে আস্থা কমে যায়। লাটভিয়ার সাবেক সংসদ সদস্য সের্গেইস পটাপকিনস বলেন তাঁদের দেশের সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতা ও আস্থা কমছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও গবেষকরা উপস্থিত ছিলেন।