উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবির পল্টন শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান।
জনমত উপেক্ষা করে এ ধরনের চুক্তি করা হলে দেশের ওপর বিদেশি আধিপত্য বাড়বে বলে মন্তব্য করেন তিনি। রুহিন হোসেন বলেন, এ ধরনের পদক্ষেপ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খর্ব করবে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি বা অব্যবস্থাপনা থাকলে তা দূর করার পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আধুনিক যন্ত্রপাতি কেনা এবং পরিচালনার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনা যেতে পারে, কিন্তু পুরো দায়িত্ব বিদেশিদের দেওয়া যাবে না।
সিপিবির পল্টন শাখার নেতা রফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ত্রিদীব সাহা, মুর্শিকুল ইসলাম শিমুল, রবিউল ইসলাম ও সেকেন্দার হায়াত। দেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।