উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের গফরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আনসারুল ইসলামের নাম ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও জনসম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে পরিচিত মুখ হিসেবে আলোচনায়ে রয়েছেন।
আনসারুল ইসলাম ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি এবং উপজেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে এবং চেয়ারম্যান পদে তাঁর আগ্রহকে কেন্দ্র করে সমর্থকদের মাঝে তৎপরতা দেখা গেছে।
প্রার্থী হওয়ার বিষয়ে আনসারুল ইসলাম বলেন, মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হতে চান। গফরগাঁও ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে রাজনীতি করায় ভবিষ্যতেও জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি। জনগণ দায়িত্ব দেওয়ার সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলেন তিনি।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক সক্ষমতা নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। তবে শেষ পর্যন্ত নির্বাচনের তফসিল, রাজনৈতিক সমীকরণ এবং ভোটারদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ইউনিয়নের নেতৃত্ব।