উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশান, উত্তরা ও তেজগাঁও এলাকার চারটি বার ও প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বিভিন্ন ইউনিট। এসব অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ পিস লিকার ও আরও প্রায় ৬৩৭ লিটার অনুমোদনহীন লিকার জব্দ করা হয়েছে। এনবিআরের আওতাধীন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা ইউনিট, ভ্যাট গোয়েন্দা এবং স্থানীয় ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
অভিযানের আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো গুলশানের ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, উত্তরার মার্গারিটা লাউঞ্জ, তেজগাঁওয়ের হাবিব হোটেল ইন্টারন্যাশনাল (হোটেল হলিডে ইন) এবং গুলশানের র ক্যানভাস রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানগুলোতে অনুমোদনহীন মদ মজুদ, বার লাইসেন্সে অনিয়ম এবং আমদানির বৈধ কাগজপত্র না থাকার প্রমাণ পাওয়া গেছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহমেদ শনিবার রাত সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
গুলশানের ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড থেকে ২৩০ পিস অনুমোদনহীন লিকার, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন ছাড়া আমদানি করা জিনসেং এবং প্রায় এক কেজি জাফরান জব্দ করা হয়। বৈধ নথিপত্র না থাকা এসব লিকার একটি ছোট কাভার্ড ভ্যানে করে রেস্টুরেন্ট প্রাঙ্গণের বাইরে নেওয়ার সময় অভিযানকারীরা আটক করেন। উত্তরা এলাকার মার্গারিটা লাউঞ্জ বারে অভিযান চালিয়ে ৬০৮ লিটার অনুমোদনহীন মদ ও লিকার জাতীয় পণ্য জব্দ করা হয়।
তেজগাঁও এলাকার হোটেল হলিডে ইনের বারটি হোটেলের নিজস্ব নামে লাইসেন্স করা নয় এবং হাবিব হোটেল ইন্টারন্যাশনা নামের অন্য প্রতিষ্ঠানের নামে পরিচালিত হচ্ছিল। নারকোটিক্স অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদনের কোনো নথিপত্র তারা দেখাতে পারেনি, অন্যদিকে গুলশানের র ক্যানভাস বার অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ২৯ লিটার অনুমোদনবিহীন লিকার জব্দ করা হয়েছে।