উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশে শিক্ষকেরা হেনস্তা হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স এই সভার আয়োজন করে।
অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, রাজনীতি আমাদের বারবার আশাহত করেছে এবং দলীয় রাজনীতির বাইরের শিক্ষকেরা এর প্রতি বিরক্ত। তিনি আরও বলেন, রাজনৈতিক লোকজন যেন শিক্ষকদের সম্মান করে, সেই পথ নিজেদেরই তৈরি করতে হবে। রাজনৈতিক লোকজন শিক্ষকদের সঙ্গে আসুক, কিন্তু শিক্ষকেরা তাদের পেছনে যাবেন না বলে মন্তব্য করেন তিনি।
রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন শিক্ষকদের সম্মান করবেন—এমন পরিস্থিতি তৈরি করতে তিনটি বিষয় নিশ্চিত করার তাগিদ দেন সাবেক এই উপাচার্য। তিনি বলেন, শিক্ষকদের পরস্পরের হাত ধরে রাখতে হবে এবং পেশাগত উৎকর্ষের জন্য পড়াশোনা করতে হবে। এছাড়া শিক্ষকদের মধ্য থেকে যার যার দক্ষ অনুযায়ী দায়িত্ব দিয়ে শিক্ষকতা পেশাকে বহুমুখী করে তুলতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন শিক্ষকদের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকেরা অবসরে যাওয়ার তিন থেকে চার মাসের মধ্যে তাঁদের পেনশনের সব টাকা সরকারকে দিতে হবে। এছাড়া প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার সমালোচনাও করেন তিনি।