উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রজেক্টে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে এবং কাজ শেষ হলেই বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে। আজ শনিবার ঢাকার মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চুনকুটিয়াতে ঝিলমিল প্রজেক্টে ডিপো হিসেবে ১০ একর জায়গা পাওয়ার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন যে সরকার সেখানে অনুমতি দিয়েছে এবং তাঁরা ডিপোর কাজ শুরু করেছেন। রাজউকের মাধ্যমে সেখানে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে, যেখানে স্থায়ীভাবে টার্মিনাল এবং ডিপো করা হবে। দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার সব পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকসহ সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
কত দিনের মধ্যে এটি সম্ভব হবে, জানতে চাইলে মোসলেহ উদ্দিন আহমদ বলেন যে তাঁরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছেন এবং কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে শিফট করা হবে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এ সময় উপস্থিত থেকে বলেন যে ঢাকা মহানগরে অসহনীয় যানজট এবং সড়ক পরিবহন সেক্টরের বিশৃঙ্খলায় সবাই অতিষ্ঠ। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, পরিবহনমালিক ও শ্রমিকনেতারাও উপস্থিত ছিলেন।